প্রয়োজনের নিরিখেই আইপিটিভি : মন্ত্রী
নির্দেশনার আলোকে প্রয়োজনের নিরিখেই দেশে আইপি টিভি সম্প্রচার চলবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
মঙ্গলবার (৫ অক্টোবর) সচিবালয়ে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘আইপিটিভি নিউমিডিয়া, এটা সারা পৃথিবীর বাস্তবতা। এই নিউমিডিয়ার বাস্তবতা থেকে আমরা মুক্ত থাকতে পারি না। থাকবো না। সেটি অবশ্যই প্রয়োজনের নিরিখে থাকবে। অপ্রোয়জনে সেটি দরকার নেই। এখন আমি অনেকের মধ্যেই টেন্ডেন্সি দেখছি, সবাই একটি আইপিটিভি লাইসেন্স চায়। এটা যৌক্তিক নয়।
মন্ত্রী আরো বলেন, ‘একটা খসড়া ওটিটি নীতিমালা নিয়ে ইতোমধ্যেই একটা খসড়া তৈরি করেছি। সেই খসড়াটা আমরা আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে মন্ত্রীসভায় নিয়ে যাবো।’
ড. হাছান মাহমুদ বলেন, আইপিটিভি নিয়ে আমরা একটি নির্দেশনা তৈরি করেছি। কারণ ব্যাঙের ছাতার মতো আইপি টিভির প্রয়োজন নেই। আর আইপি টিভি সংবাদ পরিবেশন করতে পারবে না। আমরা নির্দেশনাগুলো ঠিক করছি- কী, কী পারবে আর কী কী পারবে না।
এসময় বিদেশি চ্যানেলের ক্লিনফিড বাস্তবায়নে আগামীকাল বুধবার (৬ অক্টোবর) থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী।
এসময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও বিজেসি সভাপতি রেজওয়ানুল হক রাজাসহ শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।